রাতের যাত্রীদের জন্য বড় সুসংবাদ নিয়ে আসছে মেট্রোরেল

রাজধানীর মেট্রোরেলের চলাচলের সময়সীমা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী, রাতের সেবা আরও ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত বাড়ানো হতে পারে। এ লক্ষ্যে ইতোমধ্যে নিরীক্ষা ও পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
বিজ্ঞাপন
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, চলতি মে মাসের শেষদিকে অথবা ঈদুল আজহা'র পর নতুন সময়সূচি কার্যকর হতে পারে। নতুন পরিকল্পনায় ট্রেনের ফ্রিকোয়েন্সিও বাড়ানো হচ্ছে। বর্তমানে যেখানে পাঁচ মিনিট পরপর ট্রেন চলাচল করে, সেখানে সময় কমিয়ে সাড়ে চার মিনিট করা হবে।
নতুন প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন রাত ১১টা পর্যন্ত চালানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে এই রুটে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেনও রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত চালানোর চিন্তা করা হচ্ছে, যেখানে এখন শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়।
বিজ্ঞাপন
বর্তমানে উত্তরা থেকে দিনের প্রথম ট্রেন ছেড়ে যায় সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সোয়া ৭টায়। সকালবেলার সময়সূচিতে আপাতত কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে গত বছরের অক্টোবরে এক দফা সময়সীমা বাড়ানো হয়েছিল। তখন সকালে আধা ঘণ্টা আগে এবং রাতে আধা ঘণ্টা পরে ট্রেন চলাচল শুরু ও শেষ করা হয়। বর্তমানে প্রতিদিন মোট ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে। নতুন সময়সূচি চালু হলে ট্রিপের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
চলাচলের ব্যবধান কমানো হলে ব্যস্ত সময়ে যাত্রীসেবায় আরও গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ছুটির দিন ছাড়া অন্যান্য ব্যস্ত দিনে দুই ট্রেনের ব্যবধান পাঁচ মিনিট, যা কমিয়ে সাড়ে চার মিনিট করার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
এখন উত্তরা-মতিঝিল রুটে চলাচলের জন্য ২৪ সেট ট্রেন রয়েছে, প্রতিটিতে ছয়টি করে কোচ। পিক আওয়ারে ১২ সেট ট্রেন নিয়মিত চলাচল করে। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে এই সংখ্যা বাড়িয়ে ১৪ সেট ট্রেন পরিচালনার প্রস্তুতি রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, প্রযুক্তিগতভাবে সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চালানোর সক্ষমতা রয়েছে। শুরুতে প্রকল্পের পরিকল্পনায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ট্রেন চালানোর কথা থাকলেও জনবল সংকটের কারণে ধাপে ধাপে সময় বাড়ানো হচ্ছে।
বিজ্ঞাপন
প্রকল্পের প্রাথমিক প্রক্ষেপণে প্রতিদিন পাঁচ লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে দৈনিক গড়ে সোয়া চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন, এবং কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ কাজ শেষ হলে এই সংখ্যা বেড়ে প্রায় ৬ লাখ ৭৭ হাজারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, রাতের সময়সীমা বাড়ানোর বিষয়ে দুই দিক থেকেই পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রথমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চালু হলেও পরে ধাপে ধাপে সম্প্রসারণ করে ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ যাত্রীসেবা চালু করা হয়।
বিজ্ঞাপন








