Logo

দূষিত বাতাসে বিশ্বের দ্বিতীয় ঢাকা, বায়ুর মান অস্বাস্থ্যকর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মে, ২০২৬, ১২:৪১
দূষিত বাতাসে বিশ্বের দ্বিতীয় ঢাকা, বায়ুর মান অস্বাস্থ্যকর
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন ঢাকার বায়ুমান এমন পর্যায়ে পৌঁছেছে, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

বিজ্ঞাপন

রবিবার (১০ মে) সকাল ৯টা ৪০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে আসে।

তথ্য অনুযায়ী, এদিন ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৬৩। এই মাত্রার বায়ুদূষণ সাধারণ মানুষের পাশাপাশি শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। একই সময়ে পাকিস্তানের লাহোরের একিউআই স্কোর ছিল ১৯৫, যা শহরটিকে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর নগরীতে পরিণত করেছে।

বিজ্ঞাপন

দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ১৫৬। এরপর চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার স্কোর ১৫৩। পঞ্চম অবস্থানে থাকা মিশরের কায়রোর স্কোর ছিল ১৪৭।

বিশ্বের বিভিন্ন শহরের তাৎক্ষণিক বায়ুমানের তথ্য প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, কোনো শহরের বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে সেটিকে ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত থাকলে তা সহনীয় বা মাঝারি হিসেবে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। একিউআই ২০১ থেকে ৩০০-এর মধ্যে পৌঁছালে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। আর সূচক ৩০১ অতিক্রম করলে পরিস্থিতিকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD