Logo

লটারিতে ১২ কানুনগোর পদায়ন, স্বচ্ছতায় জোর ঢাকার ডিসির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মে, ২০২৬, ২০:৪১
লটারিতে ১২ কানুনগোর পদায়ন, স্বচ্ছতায় জোর ঢাকার ডিসির
ছবি: সংগৃহীত

ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে নতুনভাবে যোগ দেওয়া ১২ জন কানুনগোকে লটারির মাধ্যমে বিভিন্ন শাখায় পদায়ন করা হয়েছে। ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

রবিবার (১০ মে) এ পদায়ন কার্যক্রমে সরাসরি উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। তার উপস্থিতিতেই ভূমি অধিগ্রহণ অনুবিভাগের পাঁচটি শাখায় লটারির মাধ্যমে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়।

এসময় ভূমি অধিগ্রহণ অনুবিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগোসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পদায়ন প্রক্রিয়াকে আরও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে লটারির ব্যবস্থা নেওয়া হয়। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা ও আস্থার পরিবেশ তৈরি হবে বলে মনে করছে প্রশাসন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট এই কার্যক্রমে দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তরিকতা, দ্রুততা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ক্ষতিপূরণ পান, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, ভূমি অধিগ্রহণ কার্যক্রম সরাসরি জনগণের স্বার্থের সঙ্গে জড়িত। তাই এখানে জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লটারির মাধ্যমে পদায়নের ফলে কর্মকর্তাদের মধ্যে কর্মস্পৃহা বাড়বে এবং দায়িত্ব পালনে আরও ইতিবাচক পরিবেশ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা বলছেন, ভূমি অধিগ্রহণ কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ও অনিয়মের কথা শোনা যায়। এমন বাস্তবতায় লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া দ্রুত ক্ষতিপূরণ প্রদান ও ভোগান্তি কমানোর নির্দেশনা বাস্তবায়িত হলে সাধারণ মানুষও উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD