Logo

রাজধানীতে ময়লার বিল নিয়ে কঠোর সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মে, ২০২৬, ১৯:৩০
রাজধানীতে ময়লার বিল নিয়ে কঠোর সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের
ছবি: সংগৃহীত

রাজধানীতে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে অনিয়ম ঠেকাতে নতুন কঠোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এখন থেকে নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত বিল আদায় কিংবা নিয়মিত ময়লা অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

সোমবার (১১ মে) নগর ভবনের অডিটোরিয়ামে প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর (পিসিএসপি) সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

সভায় তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে কিছু প্রতিষ্ঠান বাড়ি ও ফ্ল্যাটপ্রতি নির্ধারিত টাকার চেয়ে বেশি অর্থ আদায় করছে। পাশাপাশি প্রতিদিন বর্জ্য সংগ্রহ না করায় নগরবাসী দুর্ভোগে পড়ছেন। এ ধরনের অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না বলে সতর্ক করেন তিনি।

বিজ্ঞাপন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি বাসা বা ফ্ল্যাট থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত বর্জ্য সংগ্রহ বিল নেওয়া যাবে। এই অর্থ অবশ্যই নির্ধারিত রশিদের মাধ্যমে আদায় করতে হবে। কেউ এর ব্যত্যয় ঘটালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই অপসারণ নিশ্চিত করতে হবে। কোনো এলাকায় ময়লা জমে থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনা হবে। নগর পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত তদারকি জোরদার করা হবে বলেও জানান তিনি।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ প্রস্তুতির কথাও সভায় তুলে ধরা হয়। প্রশাসক বলেন, কোরবানির ঈদের তিন দিন কোনো পরিচ্ছন্নতাকর্মী বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না। প্রতিটি ওয়ার্ড পুরোপুরি বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

এ সময় পিসিএসপি ঠিকাদারদের সরাসরি মাঠে উপস্থিত থেকে কার্যক্রম তদারকির নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক ভ্যান ও পরিচ্ছন্নতাকর্মী নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

সভায় নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের ওপরও গুরুত্বারোপ করা হয়। পরিচ্ছন্নতাকর্মীদের পরিপাটি পোশাকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাস্তা, ড্রেন বা খালে ময়লা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়।

বিজ্ঞাপন

ডিএসসিসি জানিয়েছে, কোনো বাসাবাড়ি থেকে নির্ধারিত স্থানে বর্জ্য না ফেলে রাস্তায় বা খালে ময়লা ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

প্রশাসক মো. আবদুস সালাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শুধু সেবামূলক কাজ নয়, এটি নাগরিক দায়িত্ব ও সামাজিক সচেতনতারও অংশ। তাই চুক্তির শর্ত লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বর্জ্য সংগ্রহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD