Logo

হাজী সেলিমের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মে, ২০২৬, ২০:০৫
হাজী সেলিমের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন
ছবি প্রতিনিধি।

রাজধানীর লালবাগ এলাকায় দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে ) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সরাসরি তত্ত্বাবধানে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, লালবাগ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের জমিটি দীর্ঘদিন ধরে মদিনা গ্রুপ অবৈধভাবে ব্যবহার করে আসছিল। গত ১৩ এপ্রিল ভূমি অফিস থেকে জমিটি পুনরুদ্ধারের নোটিশ দেওয়া হলেও দখলদার পক্ষ উচ্চ আদালতে স্থগিতাদেশ (স্টে অর্ডার) নিয়ে উচ্ছেদ প্রক্রিয়া থামিয়ে দেয়। তবে সরকার পক্ষের আইনি লড়াইয়ের প্রেক্ষিতে গত ১২ মে চেম্বার জজ আদালত আগের স্থগিতাদেশ বাতিল করলে উচ্ছেদের পথ পরিষ্কার হয়।

বিজ্ঞাপন

আদালতের সবুজ সংকেত পাওয়ার পরপরই আজ ভারী যন্ত্রপাতি ও বুলডোজার নিয়ে অভিযানে নামে জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে অবৈধভাবে নির্মিত পাকা স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান শেষে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী এটি দখল করে রাখতে পারবে না। আজকের এই অভিযান দখলদারদের জন্য একটি স্পষ্ট বার্তা। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর এই জমি দখলমুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক স্বস্তি দেখা গেছে। তারা এই উদ্যোগকে সাহসী ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন।

স্থানীয়দের মতে, রাজনৈতিক প্রভাবের কারণে কেউ এই স্থাপনা সরানোর সাহস পায়নি, যা আজ জেলা প্রশাসনের কঠোর অবস্থানে সম্ভব হলো।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD