বংশালে দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

রাজধানীর বংশাল এলাকায় একটি মোটর পার্টসের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দেলওয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নাজমুল হোসেন (৩৩) নামে আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বংশালের মুকিম বাজার রোডের শিয়া গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া দোকানের কর্মচারী মো. হামিদুল ইসলাম জানান, ভোরের দিকে হঠাৎ মোটর পার্টসের দোকানে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় দোকানের ভেতরে থাকা একটি ভারী বস্তু দেলওয়ার হোসেনের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হওয়ার পাশাপাশি অগ্নিদগ্ধ হন। একই ঘটনায় নাজমুল হোসেনও দগ্ধ হন।
হামিদুল ইসলাম আরও জানান, বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেন আশপাশের লোকজন। পরে দেলওয়ার ও নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দেলওয়ারকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিহত দেলওয়ার হোসেন যশোরের শার্শা থানার আব্দুল খালেকের ছেলে। তিনি বংশাল এলাকায় মোটর পার্টসের ব্যবসা করতেন এবং এক সন্তানের জনক ছিলেন। অন্যদিকে দগ্ধ নাজমুল হোসেন দেলওয়ারের খালাতো ভাই। তিনি বর্তমানে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে দেলওয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একই সঙ্গে বিষয়টি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বংশাল থানাকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন








