সরকারি সম্পদ রক্ষায় আনসারের সাফল্য, উদ্ধার ৩ লাখ টাকার ওষুধ

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল থেকে চুরি হওয়া প্রায় তিন লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় নাছিম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকা মহানগর আনসার দক্ষিণ জোনের রমনা থানাধীন সরকারি কর্মচারী হাসপাতালের দ্বিতীয় তলায় দায়িত্ব পালন করছিলেন অঙ্গীভূত আনসার সদস্য মো. আব্দুল হাদি। এ সময় হাসপাতালের ওষুধ সংরক্ষণাগারের সামনে নাছিম নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলামকে জানান।
খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ মো. খাইরুল ইসলাম টহলরত এপিসি মো. হামিদুর রহমানকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে তার সঙ্গে থাকা একটি লাগেজ ও তিনটি ব্যাগসহ আটক করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে লাগেজ ও ব্যাগগুলো তল্লাশি করে হাসপাতালের প্রায় ৫০০ বক্স সরকারি ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওষুধগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানানো হয়েছে। এছাড়া অভিযুক্তের কাছ থেকে তিনটি স্মার্টফোন এবং তিনটি পরিচয়পত্রও জব্দ করা হয়েছে।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রমনা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি সম্পদ রক্ষা এবং অপরাধ প্রতিরোধে বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছেন। তাদের দাবি, সরকারি ওষুধ উদ্ধার এবং সন্দেহভাজন ব্যক্তিকে আটকের এই ঘটনা সরকারি সম্পদ সুরক্ষায় বাহিনীর পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকার আরেকটি সফল উদাহরণ।








