Logo

রাজধানীর গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১৭৯

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০৮
রাজধানীর গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১৭৯
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, গুলশানে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে শনিবার পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে প্রায় ১৫০ থেকে ২০০ জন নেতা-কর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিল করার চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গুলশান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানিয়েছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও পুলিশ জানিয়েছিল।

এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশের নথিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

মিছিলের ঘটনায় গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন এবং গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তানভীরকে প্রত্যাহার করা হয়েছে। ডিএমপির আদেশ অনুযায়ী, ওসি দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

এর আগে ১২ সেপ্টেম্বর পুলিশ ৩২ জনকে গ্রেপ্তারের কথা জানায়। পরদিন আরও ৪০ জনকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়। পরে আদালতে এই মামলার কয়েকজন আসামির রিমান্ড মঞ্জুর এবং আরও কয়েকজনকে কারাগারে পাঠানোর তথ্যও পাওয়া যায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD