ডেঙ্গু প্রতিরোধে ঘর থেকেই প্রতিরোধ গড়তে হবে: ডিসি ফরিদা খানম

ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল বা প্রশাসনের উদ্যোগের পাশাপাশি পরিবার ও নিজেদের বসবাসের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
বিজ্ঞাপন
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফরিদা খানম বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ হাসপাতাল থেকে নয়, শুরু করতে হবে পরিবার ও নিজেদের বসবাসের জায়গা থেকে। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা আশপাশের সামান্য জমে থাকা পানিতেও এডিস মশা বংশবিস্তার করতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ কারণে প্রতিদিন অল্প সময় ব্যয় করে বাড়ি ও আশপাশের সম্ভাব্য প্রজননস্থলগুলো পর্যবেক্ষণ এবং জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু অভিযান কিংবা একদিনের পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।
তিনি পরিচ্ছন্নতাকে নিয়মিত অভ্যাসে পরিণত করার ওপর জোর দিয়ে বলেন, প্রতিটি পরিবারকে ডেঙ্গু প্রতিরোধের প্রথম ধাপ হিসেবে দায়িত্ব নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতার বার্তা পরিবার ও সমাজে ছড়িয়ে দিতে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশে ফরিদা খানম বলেন, ডেঙ্গু প্রতিরোধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিজেদের পাশাপাশি পরিবার, বন্ধু ও প্রতিবেশীদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেন জেলা প্রশাসক। সংবাদ, প্রতিবেদন ও বিভিন্ন প্রচারের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করা সম্ভব বলে উল্লেখ করে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।








