নোংরা রান্নাঘর ও লেবেলহীন ঘি, হিরাঝিল হোটেলকে জরিমানা

রাজধানীর মতিঝিলে অপরিচ্ছন্ন রান্নাঘর, লেবেলবিহীন ঘি সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৭ অক্টোবর) মতিঝিলের ২২ নম্বর বাণিজ্যিক এলাকায় অবস্থিত হিরাঝিল হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে হোটেলটির রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় দেখতে পান মোবাইল কোর্টের কর্মকর্তারা। রান্নাঘরের মেঝে নোংরা ও স্যাঁতসেঁতে অবস্থায় ছিল। পাশাপাশি ঢাকনাবিহীন অবস্থায় ময়লার পাত্রও পাওয়া যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় কোনো ধরনের লেবেল ছাড়া ঘি সংরক্ষণ ও রান্নায় ব্যবহার করতে দেখা যায়। এছাড়া খাদ্য প্রস্তুতের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের কোনো ধরনের স্বাস্থ্য উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি।
অভিযানকালে হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ এবং পেস্ট কন্ট্রোলের প্রমাণকও দেখাতে ব্যর্থ হয়। এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সহায়ক কর্মী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল।








