Logo

ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৩১
ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
ছবি: সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ এবং পুরো গঠন প্রক্রিয়াকে আইনসঙ্গত ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল রেখেছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে এই সিদ্ধান্ত দেওয়ায় অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলে স্পষ্ট করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রিটকারীর লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন। আদালতের মতে, হাইকোর্টের আগের রায় ছিল যথাযথ, তাই তাতে হস্তক্ষেপের প্রয়োজন হয়নি।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

অন্যদিকে রিটের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। পাশাপাশি ইন্টারভেনর হিসেবে যুক্ত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ড. শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

আদালতের রায় ঘোষণার পর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এই সিদ্ধান্তের ফলে অন্তর্বর্তী সরকারের গঠন ও কর্মকাণ্ড নিয়ে আর কোনো আইনি বিতর্কের সুযোগ থাকল না। বিষয়টি এখন আদালতের সর্বোচ্চ রায়ের মাধ্যমে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (৩ ডিসেম্বর) হাইকোর্টের রায় বহাল থাকবে কি না, তা জানাতে আজকের দিন ধার্য করেছিল আপিল বিভাগ।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথ ও বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মহসীন রশিদ। হাইকোর্ট তা খারিজ করে জানায়—দেশের জনগণই এই সরকারের বৈধতার উৎস, তাই এ নিয়ে প্রশ্ন ওঠে না। পরবর্তীতে তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন, যা আজ খারিজ করে সর্বোচ্চ আদালত।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD