প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

আদালতের আদেশ অমান্য করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে হাইকোর্ট শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কারণ জানতে রুল জারি করেছে। রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। প্রধান নির্বাচন কমিশনারকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি জানান, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিলেন সিইসিকে। কিন্তু আদেশ বাস্তবায়ন না করায় প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়।
এর আগে ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সিইসির কাছে আবেদন করেছিল অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। আবেদন নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।








