বঙ্গভবনের সেই সহকারী প্রোগ্রামার ছরওয়ারের জামিন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে জামিন দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন। মামলাটি সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা হয়েছিল।
এর আগে গত মঙ্গলবার ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ার আলমকে আটক করে এবং পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে ছরওয়ার আলমের ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এসব ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
ডিএমপির গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বিজ্ঞাপন
আদালতের আদেশে জামিন পেলেও মামলার তদন্ত কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








