রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত স্থগিত

রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলী আফজালের পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।
বিজ্ঞাপন
একই সঙ্গে এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
আলী আফজালের করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর পক্ষে শুনানিতে থাকা জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে আলী আফজালের সভাপতি পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত জানানো হয়েছিল।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনে একটি ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আলী আফজালকেও ঋণখেলাপি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণে ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইনের ২৩(১)(খ) ধারা অনুযায়ী তার রিহ্যাব সভাপতি পদ শূন্য ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আলী আফজাল। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত ১৮ এপ্রিল রিহ্যাবের নির্বাচনে ২৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আলী আফজাল। ‘প্রগতিশীল’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান হিসেবে তিনি এ পদে নির্বাচিত হন।
নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’ প্যানেলের প্রার্থী ও তৎকালীন বিদায়ী সভাপতি ওয়াহিদুজ্জামান। তিনি পেয়েছিলেন ১৯৩ ভোট।








