Logo

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো মামলায় সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১২
আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো মামলায় সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ১৬ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছে। রায়ে সাবেক এমপি মুহাম্মদ সাইফুলসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার তৎকালীন ওসি এএফএম সায়েদ রনি, স্থানীয় আওয়ামী লীগ নেতা রনি ভূঁইয়া, আশুলিয়া থানার তৎকালীন এসআই আবদুল মালেক, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা এবং কনস্টেবল মুকুল চোকদার।

বিজ্ঞাপন

জীবনকালের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান, ডিবি তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন এবং সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস।

সাত বছরের সাজা প্রাপ্তরা হলেন- এসআই আরাফাত উদ্দিন এবং এএসআই কামরুল হাসান।

মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়ে খালাস পেয়েছেন সাবেক এসআই শেখ আবজালুল হক।

বিজ্ঞাপন

রায় ঘোষণার সময় বেলা ১২টা ২৫ মিনিটে আটজন গ্রেপ্তার আসামিকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়। সংক্ষিপ্ত রায় পড়ে বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, ডিবি পরিদর্শক আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল।

বিজ্ঞাপন

এ ঘটনায় শহীদ হয়েছেন সাতজন। তারা হলেন- সাজ্জাদ হোসেন সজল, আস সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়োজিদ বোস্তামী, আবুল হোসেন, ওমর ফারুক ও মোহাম্মদ শাহাবুল ইসলাম।

মামলায় অভিযোগ গঠন করা হয় গত বছরের ২১ আগস্ট। বিচার শুরুর সময় উপস্থিত আট আসামির সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন, তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন। আদালত ২ জুলাই প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন। প্রসিকিউশন মামলায় ৩১৩ পৃষ্ঠা মূল দলিল, ১৬৮ পৃষ্ঠা প্রমাণাদি এবং দুটি পেনড্রাইভ যুক্ত করে।

রায়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ দেশে মানবতাবিরোধী হত্যাকাণ্ডে শাস্তি প্রদানের এক নতুন দিক প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা পাঠিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD