Logo

জামায়াত আমিরের ‘এক্স’ হ্যাকের কথা অস্বীকার করলেন ছরওয়ারে আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৫৩
জামায়াত আমিরের ‘এক্স’ হ্যাকের কথা অস্বীকার করলেন ছরওয়ারে আলম
ছবি: সংগৃহীত

জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ হওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বঙ্গভবনের কর্মী ছরওয়ারে আলম নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে জামিন শুনানিকালে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

পুলিশ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করেছিল। পরের দিন তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

আসামির পক্ষে আইনজীবী মো. আলমগীর জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছরওয়ারে আলমকে ফাঁসানো হয়েছে। তিনি জানান, জামিন মিলে আসামি নিয়মিত আদালতে হাজিরা দেবেন এবং ট্রায়াল ফেস করবেন।

বিজ্ঞাপন

বাদীপক্ষে জামায়াতপন্থি আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, আসামি দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই কাজ করেছে। সে জামায়াত আমিরের মতো সম্মানিত ব্যক্তির আইডি হ্যাক করেছে। এটি কোনো সাধারণ কাজ নয়। এর ফলে দেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আপাতত তাকে কারাগারে পাঠানো হোক। প্রয়োজনে রিমান্ডে নেওয়া হবে।

আদালতে নিজে বক্তব্য রাখতে গিয়ে ছরওয়ারে আলম বলেন, আমি শতভাগ নিশ্চিত হয়ে বলছি, এ কাজ আমার দ্বারা হয়নি। এ ধরনের কাজ আমি কল্পনাও করি না। আমি এত বছর ধরে চাকরি করি, আমার মন-মানসিকতা এমন নয়। সাধারণ মানুষ মনে করছে, আমি হ্যাক করেছি। আমি বলছি, নিজ হাতে কিছু করিনি। তদন্ত কর্মকর্তাকে বলেছি, তদন্তে সহযোগিতা করতে যা যা করার সব করব।

বিজ্ঞাপন

এরপর বিচারক তার কাছে জানতে চান, আপনাকে কোথা থেকে গ্রেপ্তার করেছে? জবাবে তিনি জানান, তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কবে গ্রেপ্তার করেছে জানতে চাইলে বলেন,পরশু দিন। কখন গ্রেপ্তার করা হয়েছে বিচারকের প্রশ্নে ছরওয়ারে আলম বলেন, রাত ১০টা থেকে সাড়ে ১০টার দিকে। আমি স্বেচ্ছায় মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ দিয়েছি। কল্পনাও করি না আইডি হ্যাকড করার; আমি শতভাগ নিশ্চিত।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি আর এক বছর চাকরি করব। আমি কি নিজের পেনশন বা অন্যান্য সুবিধা শেষ করে এমন কিছু করব? এটা কল্পনাও করা যায় না।

মামলার বাদী হয়েছেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। মামলার বিষয়টি শুরু হয় জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ‘নারী বিদ্বেষী’ পোস্টের কারণে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স হ্যান্ডেল হ্যাক করে পোস্টটি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জামিনের পর ছরওয়ারের স্ত্রী শামীম আরা সাংবাদিকদের বলেন, তিনি ৩২ বছর ধরে সম্মানের সঙ্গে চাকরি করেছেন। কোনো হ্যাকার কি নিজের ঠিকানা দিয়ে হ্যাক করবে? তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD