Logo

ট্রেনে নারী যাত্রীদের সুবিধায় বিশেষ নির্দেশনা হাইকোর্টের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মে, ২০২৬, ১৭:৫৫
ট্রেনে নারী যাত্রীদের সুবিধায় বিশেষ নির্দেশনা হাইকোর্টের
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদযাত্রায় নারী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। আদালত বলেছেন, প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্ধারিত কামরার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনি আদালতকে জানান, দেশের প্রচলিত রেলওয়ে আইনে নারী যাত্রীদের জন্য আলাদা কামরার বিধান বহু আগেই রাখা হলেও বাস্তবে তা কার্যকর করা হয়নি।

বিজ্ঞাপন

আইনজীবীদের তথ্যমতে, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারায় প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা রাখার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া ৫০ মাইলের বেশি দূরত্বে চলাচলকারী ট্রেনের ওই কামরার সঙ্গে শৌচাগার সংযুক্ত থাকারও বিধান রয়েছে।

আইনে আরও উল্লেখ আছে, নারীদের জন্য সংরক্ষিত কামরায় অনুমতি ছাড়া অন্য কেউ প্রবেশ করলে ১১৯ ধারার আওতায় জরিমানার বিধান প্রযোজ্য হবে। তবে দীর্ঘদিনেও এসব বিধান বাস্তবায়িত না হওয়ায় নারী যাত্রীরা নানা ভোগান্তির মুখোমুখি হচ্ছেন বলে আদালতে তুলে ধরা হয়।

এ প্রেক্ষাপটে ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন একটি রিট আবেদন করেন। পরে চলতি বছরের ১০ মার্চ হাইকোর্ট একটি রুল জারি করে জানতে চান, আইন অনুযায়ী প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক কামরা বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না।

বিজ্ঞাপন

বিচারাধীন ওই রুলের ধারাবাহিকতায় সম্পূরক আবেদন করা হলে আদালত ঈদযাত্রাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন এই নির্দেশনা দেন বলে জানান আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

তিনি বলেন, ঈদের সময় অতিরিক্ত যাত্রীচাপের কারণে নারী যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। তাই বিদ্যমান আইন কার্যকর করে তাদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতেই আদালতের শরণাপন্ন হওয়া হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD