Logo

দুধের শিশুকে নিয়ে কারাগারে মা, জেলগেটে অপেক্ষায় অবুঝ দুই সন্তান

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
১১ মে, ২০২৬, ২০:১২
দুধের শিশুকে নিয়ে কারাগারে মা, জেলগেটে অপেক্ষায় অবুঝ দুই সন্তান
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে একটি মামলায় ফারহানা আক্তার শিল্পীসহ দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় দুধের শিশুসহ এক নারীকে কারাগারে নেওয়া হয়েছে, আর তার দুই সন্তান জেলগেটে দাঁড়িয়ে মায়ের অপেক্ষায় ছিল। সোমবার (১১ মে) বিকেলে লক্ষ্মীপুর জেলা কারাগারে এমন চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার দেলোয়ার হোসেন বিকেলে জানান, সিআর ৫৬৫ মামলায় শিল্পী ও জহির উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দুপুরে বিচারক শাহ জামাল এ আদেশ দেন। পরে আসামিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। দুধের শিশুটিকে কারাগারে নেওয়া হয়েছে নাকি পরিবারের কাছে রাখা হয়েছে, তা জানা যায়নি।

এদিকে প্রিজনভ্যানের ভেতর মায়ের কোলে শিশুসহ জেলগেটে দুই সন্তানের অপেক্ষার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আসামিপক্ষের আইনজীবী মহসিন কবির স্বপন এসব ছবি ও ভিডিও পোস্ট করেন।

বিজ্ঞাপন

আইনজীবী মহসিন কবির স্বপন দাবি করেন, দুধের শিশু সিয়ামসহ শিল্পীকে কারাগারে পাঠানো হয়েছে। তার অন্য দুই সন্তান—পঞ্চম শ্রেণির ছাত্র শিপন হোসেন (১০) ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী তামান্না আক্তার (৮)—মায়ের অপেক্ষায় জেলগেটে দাঁড়িয়ে ছিল। তারা শহীদ স্মৃতি আদর্শ একাডেমির শিক্ষার্থী এবং তাদের পরীক্ষা চলমান রয়েছে।

তিনি আরও লেখেন, “মায়ের সঙ্গে দুধের শিশুও হাজতে রয়েছে। অভিযোগে লোহার রড দিয়ে আঘাতের কথা বলা হয়েছে, তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন।” তিনি ঘটনাটি নিয়ে প্রশ্ন তোলেন।

বিজ্ঞাপন

অন্য আইনজীবী রাকিবুল হাসান তামিম বলেন, মামলার এজাহারে বলা হয়েছে শিল্পী লোহার রড দিয়ে বাদীর মাথায় আঘাত করেছেন, এতে গুরুতর জখম হয়েছে। পরে আদালত মামলাটি আমলে নিয়ে মেডিকেল সার্টিফিকেট তলব করেন। চিকিৎসা প্রতিবেদনে আঘাতকে সাধারণ (সিম্পল) হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপরও আদালত আসামিদের কারাগারে পাঠান।

লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, আড়াই বছরের শিশুসহ শিল্পীকে বিকেলে কারাগারে আনা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, বাদী মাহাতাব উদ্দিন ভূঁইয়া ১৫ এপ্রিল হামলার অভিযোগে আদালতে মামলা করেন। এতে শিল্পীসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

এজাহারে বলা হয়, শিল্পী লোহার রড দিয়ে আঘাত করলে বাদীর মাথায় গুরুতর জখম হয়। তবে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল রিপোর্টে আঘাতকে সাধারণ বলে উল্লেখ করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD