আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিন প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩’-এর ৭(১) ধারা অনুযায়ী তাদের এই নিয়োগ কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
নতুন নিয়োগ পাওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন পিরোজপুরের আইনজীবী মো. মাগফুর রহমান শেখ। তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সমমানের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
এছাড়া হবিগঞ্জের ড. মোহাম্মদ অলি মিয়া এবং গাইবান্ধার ব্যারিস্টার রাফিউল ইসলামকেও প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের সমমানের মর্যাদা, রিটেইনার ফি ও অন্যান্য সুবিধা ভোগ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপ-সলিসিটর (জিপি-পিপি) মুহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, নিয়োগসংক্রান্ত নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে প্রজ্ঞাপনের অনুলিপি অ্যাটর্নি জেনারেল কার্যালয়, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে চলতি বছরের ৯ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মার্জিনা রায়হান মদিনা ও জহিরুল আমিনকে একই ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।
সর্বশেষ এই নিয়োগের মাধ্যমে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।








