জামিনে মুক্তি পেলেন পাঁচ হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা

লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে চার শিক্ষার্থী হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদ পাটওয়ারী জামিনে মুক্তি পেয়েছেন। রবিবার (১৭ মে) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিজ্ঞাপন
সৈয়দ আহম্মদ পাটওয়ারী লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট জেলা শহরে জুলাই আন্দোলনের সময় চার শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলা, পুলিশের ওপর হামলা ও রামগঞ্জ থানা পোড়ানোর ঘটনায় করা একাধিক মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।
বিজ্ঞাপন
কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল জানান, থানা পোড়ানোর একটি মামলায় সৈয়দ আহম্মদ উচ্চ আদালত থেকে জামিন পান। পরে রামগঞ্জের একটি মামলায় তাকে সাক্ষী হিসেবে দেখানো হয় এবং ওই মামলায় আদালত থেকে তাকে আটক না রাখার নির্দেশ আসে। এ প্রক্রিয়ার পরই বিকেলে তিনি কারামুক্ত হন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় লক্ষ্মীপুর শহরের ঝুমুর–মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় গুলিতে চার শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করেন নিহতদের পরিবারের সদস্যরা। পাশাপাশি পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে আরও একটি মামলা হয়, যেখানে একাধিক আসামির সঙ্গে সৈয়দ আহম্মদ পাটওয়ারীর নামও অন্তর্ভুক্ত ছিল।








