বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী ৭ জুনের নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিসিবির নির্বাচনী প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ করবেন না।
বিজ্ঞাপন
রবিবার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। আর বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
বিজ্ঞাপন
এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, আদালত পরিষ্কারভাবে জানিয়েছেন যে, বিসিবির নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না।
এর আগে শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে পৃথক একটি রিট আবেদন করা হয়।
বিজ্ঞাপন
সাবেক ক্রিকেটার ও বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মোট ১২ জন এ আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলট রয়েছেন।








