Logo

খায়রুল হককে গ্রেপ্তার-হয়রানি না করার নির্দেশ হাইকোর্টের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মে, ২০২৬, ১৬:৩০
খায়রুল হককে গ্রেপ্তার-হয়রানি না করার নির্দেশ হাইকোর্টের
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক | ফাইল ছবি

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানো এবং কোনো ধরনের হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে একটি রুলও জারি করেছেন আদালত।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সাঈদ আহমেদ রাজা, মুস্তাফিজুর রহমান ও মোনায়েম নবী শাহীন।

বিজ্ঞাপন

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যা মামলায় গত ১২ মে হাইকোর্ট থেকে জামিন পান এ বি এম খায়রুল হক। এরপর তার আইনজীবীরা জানান, সব মামলায় জামিন পাওয়ায় আপাতত তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

তবে ওই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ বুধবার আপিল বিভাগে আবেদন করেছে বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পাঁচ মামলায় গত ২৮ এপ্রিল তার জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

তারও আগে ৮ মার্চ হাইকোর্ট চার মামলায় তাকে জামিন দেন। পরে ১১ মার্চ দুদকের মামলাতেও তিনি জামিন লাভ করেন। রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন।

পরবর্তীতে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা আরিফ হত্যা মামলা এবং আদাবর থানার রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি পুনরায় হাইকোর্টে আবেদন করেন। পরে ১২ মে ওই দুই মামলাতেও জামিন মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

বর্তমানে এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD