হাদি হত্যা মামলা : সিআইডির অধিকতর পুনঃতদন্ত প্রতিবেদন ৭ জুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন নির্ধারণ করেছেন আদালত। মামলাটি বর্তমানে পুনঃতদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বিজ্ঞাপন
রবিবার (১৭ মে) পুনঃতদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সিআইডিকে আগামী ৭ জুনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
বিজ্ঞাপন
পরে ১৫ জানুয়ারি ওই চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল। শুনানি শেষে আদালত মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দিয়ে সিআইডিকে নতুন করে তদন্তের দায়িত্ব দেন।
মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে আসা দুই হামলাকারীর একজন চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিজ্ঞাপন
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। পরে ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সমাধির পাশে তাকে দাফন করা হয়।
মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ইতোমধ্যে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। সরকার জানিয়েছে, তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।








