আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় গ্রেপ্তারি পরোয়ানা প্রকাশের নির্দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ-জ্বালানিবিষয়ক নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি জাতীয় পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
রবিবার (১৭ মে) সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী এবং সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।
বিজ্ঞাপন
মামলার নথি অনুযায়ী, গত ২ এপ্রিল হুমায়ুন কবির কর্নেল আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, মুফতি আমির হামজা বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেছেন।
মামলা গ্রহণের পর একই দিন আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বিজ্ঞাপন
পরবর্তীতে রবিবার আবারও তাকে আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু এদিনও তিনি অনুপস্থিত থাকেন। ধারাবাহিকভাবে আদালতে হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি জাতীয় পত্রিকায় প্রকাশের নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, আইন অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও যদি আসামি আদালতে আত্মসমর্পণ না করেন, তাহলে তার অনুপস্থিতিতেই পরবর্তী আইনি কার্যক্রম চালানো হতে পারে।








