অন্তর্বর্তী সরকারের সকল কর্মকাণ্ড তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটের শুনানি শেষে আদালত আদেশের জন্য আগামী বৃহস্পতিবার (২১ মে) দিন নির্ধারণ করেছেন।
বিজ্ঞাপন
রবিবার (১৭ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
বিজ্ঞাপন
শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সময়কালে দেশের বিভিন্ন খাতে অরাজকতা ও অস্থিরতা তৈরি হয়েছে বলে রিটে উল্লেখ করা হয়েছে। অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে কী ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে, তা তদন্তের জন্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যাতে অস্থিতিশীল পরিস্থিতির মুখে না পড়ে বা উৎখাতের ঝুঁকিতে না থাকে, সে বিষয়টিও রিটে গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কালে ঘটে যাওয়া সব ধরনের ঘটনার সামগ্রিক তদন্ত চাওয়া হয়েছে। কীভাবে তদন্ত পরিচালিত হবে, সেটি সরকার নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানিয়েছেন, তিনি বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা নিয়ে আদালতে উপস্থাপন করবেন। এরপরই আদালত আগামী বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেন।








