Logo

ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিচার: যুক্তিতর্ক শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মে, ২০২৬, ১১:১৮
ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিচার: যুক্তিতর্ক শুরু
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে প্রথমে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা পাল্টা যুক্তি তুলে ধরবেন।

এর আগে গত ২৭ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওইদিন ২৬তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান। তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল ১৯ এপ্রিল।

বিজ্ঞাপন

সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল ১৭ মে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টের আন্দোলন দমনে আসামিরা পরিকল্পিতভাবে নির্দেশনা, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। পাশাপাশি নেতাকর্মীদের মাঠে নামিয়ে প্রতিরোধ গড়ে তোলা, সহিংসতার পরিকল্পনা, সশস্ত্র হামলা, দমন-পীড়ন এবং গণমাধ্যম নিয়ন্ত্রণে ভূমিকা রাখার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, এসব কর্মকাণ্ডের ফলে সারা দেশে হত্যা, হত্যাচেষ্টা এবং ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে শাস্তিযোগ্য।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD