Logo

বিসিবির এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে আবারও নতুন রিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ মে, ২০২৬, ১৯:৪৭
বিসিবির এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে আবারও নতুন রিট
ছবি : জনবাণী গ্রাফিক্স

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান ১১ সদস্যের এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে আবারও হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সাবেক ক্রিকেটার ও বিসিবির কয়েকজন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মোট ১২ জন এই রিট দায়ের করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, গত বৃহস্পতিবার হাইকোর্টে আবেদনটি দাখিল করা হয়। আবেদনকারীদের মধ্যে দেশের ক্রিকেট অঙ্গনের পরিচিত কয়েকটি নামও রয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং আসিফ ইকবাল ও পাইলট।

বর্তমান এডহক কমিটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

এর আগে গত ১১ মে বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আরেকটি রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।

সেই শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান এবং রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া।

বিজ্ঞাপন

শুনানি শেষে অ্যাডভোকেট গোলাম কিবরিয়া জানিয়েছিলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে।

গত ৩০ এপ্রিল প্রথমবারের মতো বিসিবির নতুন এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। সেখানে কমিটিটিকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছিল।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাত আইনজীবী ওই আবেদন করেছিলেন।

বিজ্ঞাপন

গত ৭ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য তিন মাস মেয়াদি ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জানিয়েছিল, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান তামিম ইকবাল। কমিটির অন্য সদস্যরা হলেন— রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

বিজ্ঞাপন

এনএসসির ভাষ্য অনুযায়ী, স্থায়ী ব্যবস্থাপনা গঠন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে এই কমিটি।

এডহক কমিটি গঠন এবং সেটিকে ঘিরে আইনি লড়াই দেশের ক্রিকেটাঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। সাবেক ক্রিকেটারদের একাংশ মনে করছেন, বোর্ড পরিচালনায় স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন। অন্যদিকে বিসিবির বর্তমান প্রশাসনিক কাঠামো নিয়ে নানা মহলে বিতর্কও অব্যাহত রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD