আবু সাঈদ হত্যা : সাজাপ্রাপ্ত বেরোবি’র সাবেক ভিসি কারাগারে

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিজ্ঞাপন
রবিবার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আদালতের কাছে সাজা পরোয়ানার ভিত্তিতে হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আবেদন জানান। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
এর আগে গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয় ট্রাইব্যুনাল-২। ওই মামলায় হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।








