তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে রিট, শুনানি ২১ মে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে করা রিটের শুনানির তারিখ আগামী ২১ মে নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বিজ্ঞাপন
সোমবার (১৮ মে) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি উপস্থাপন করা হলে এ তারিখ ঠিক করা হয়।
এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির তৎকালীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদসহ মোট ১০ জন রিট করেন।
বিজ্ঞাপন
রিটে বলা হয়েছে, তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট পরিচালকদের দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের কমিটি গঠন আইনগত কর্তৃত্ববহির্ভূত। একই সঙ্গে ওই সিদ্ধান্ত অনুযায়ী সব কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন করা হয়েছে।
রুল জারি হলে বিচারাধীন থাকা অবস্থায় অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়েছে রিটে। পাশাপাশি কমিটির সদস্যদের সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালন কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, বিসিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ মোট ১০ জনকে বিবাদী করা হয়েছে।
বিজ্ঞাপন
অ্যাডহক কমিটির সদস্যদের মধ্যে তামিম ইকবালের পাশাপাশি সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান রয়েছেন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিদেরও কমিটিতে রাখা হয়েছে।
এর আগে একই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা আরেকটি রিট ১১ মে হাইকোর্ট খারিজ করে দিয়েছিল।








