Logo

সাবেক এমপির বাসা থেকে আটক ১৫ ছাত্রলীগ নেতাকর্মী রিমান্ডে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:২১
সাবেক এমপির বাসা থেকে আটক ১৫ ছাত্রলীগ নেতাকর্মী রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিমে সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে একজনের এক দিন এবং ১৪ জনের তিন দিন করে রিমান্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে পুলিশ ১৫ জনকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক ইকবাল হোসেন এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি দেন। আসামিদের পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিলের পাশাপাশি জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রিমান্ডপ্রাপ্তরা হলেন মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, হৃদয় হাসান, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, মো. আরিফ, মো. ওমর ফারুক, আব্দুল্লাহ আল আমান, সোহানুর হোসেন শাহিন, মো. হাসিব, ফারজানা ও হাসিব মিয়া। পুলিশের প্রকাশিত তালিকাতেও ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরে রিমনের বাসায় অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

পুলিশের অভিযোগ, সেখানে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ জানায়, অভিযানের সময় ১৫ জনকে আটক করা হয় এবং আরও কয়েকজন সেখান থেকে চলে যান।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই বাসায় তাদের অবস্থানের কারণ ও কোনো সাংগঠনিক কার্যক্রম চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এজাহারে আরও বলা হয়েছে, বাসার একটি কক্ষের টেবিলের ড্রয়ার থেকে ২০ পাতার একটি নথি উদ্ধার করা হয়। এতে স্বেচ্ছাসেবক লীগের বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন কমিটির পদপ্রার্থী ২০ জনের নাম ও জীবনবৃত্তান্ত ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে নিজেদের উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন বলেও এজাহারে দাবি করা হয়েছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD