Logo

ওমরাহ থেকে ফিরে অপু্কে ‘বিশেষ উপহার’ দিলেন রইস উদ্দিন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ০২:৩৩
ওমরাহ থেকে ফিরে অপু্কে ‘বিশেষ উপহার’ দিলেন রইস উদ্দিন
ছবি: সংগৃহীত

আশেপাশের মানুষজনও অপু বিশ্বাসকে দেখতে ভিড় জমায়

বিজ্ঞাপন

গেল কোরবানীর ঈদে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করে জাল টাকা পেয়ে প্রতারিত হয়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। তার কান্না দেখে কেঁদেছিল পুরো দেশ। সেই ঘটনা নজরে এসেছিল ঢালীউড কুইন অপু বিশ্বাসের। নিজ খরচে তিনি রইস উদ্দিনকে সৌদি আরব পাঠান পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে। সেই রইস উদ্দিন ওমরাহ করে ফিরে এসেছেন। আর তার আমন্ত্রণে অপু বিশ্বাস মঙ্গলবার (১৯ আগস্ট) গিয়েছিলেন তার গ্রামের বাড়ি নাটোরে।

অপুর ফেসবুক আইডি থেকে একটি লাইভ করা হয় যেখানে অপু বিশ্বাসকে রইস উদ্দিনের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তার সঙ্গে বেশ কয়েকজন ছিলেন। রইস উদ্দিনকেও দেখা যায় অপু বিশ্বাসকে অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে যেতে। আশেপাশের মানুষজনও অপু বিশ্বাসকে দেখতে ভিড় জমায়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাবার বয়সী হওয়ায় রইস উদ্দিনকে ‘বাবা’ ডেকেছেন অপু বিশ্বাস। তাই বাবার টিনের বাড়িতে বসে দীর্ঘ সময় আড্ডা দেন তার পরিবারের অনান্য সদস্যদের সঙ্গে। এরপর ‘মেয়ে’ ডাকা অপু বিশ্বাসকে ‘বিশেষ উপহার’ দেন রইস উদ্দিন। বলেন, আমি আমার মেয়ের জন্য উপহার এনেছি। সে উপহারের প্যাকেটে ছিল সৌদি আরবের খেজুর, জমজমের পানি, জায়নামাজ ও একটি তজবি। 

আর ‘বিশেষ উপহার’ বিসমিল্লাহ বলে গ্রহণ করেন অপু। এরপর বলেন, ‘বিশেষ উপহার’ পেয়ে ধন্যবাদ দেয়ার আসলে কিছু নেই যেহেতু উনাকে ‘বাবা’ ডেকেছি। তিনি আমাকে ও আমার সন্তানের জন্য দোয়া করেছেন। সেখান থেকে জমজমের পানি, খেজুর, তজবি, জায়নামাজ এনেছেন, আমি আসলে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবো না। বরং বলবো এটা আমার দোয়া।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গেল কোরবানি ঈদে রইস উদ্দিন আলোচনায় উঠে আসেন। নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের এই বৃদ্ধ উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটে নিজের পোষা গরু বিক্রি করতে এসেছিলেন। কিন্তু এক প্রতারক ক্রেতার কাছ থেকে ১ লাখ ২৩ হাজার টাকা পেলেও, এর মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। প্রতারণার এই মর্মন্তুদ ঘটনার পর হতাশায় কেঁদেছিলেন তিনি। যা ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

এ ঘটনায় তার পাশে প্রথম দাঁড়িয়েছিল আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন। তারা অপুর অর্থায়নের বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রতারিত হওয়ার পরপরই রইস উদ্দিনকে প্রথম ধাপে ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকা। এরপর আরও বিভিন্ন মাধ্যমে বেশ কিছু সহায়তা পান রইস উদ্দিন। এই মানবিক উদ্যোগে সাড়া দিয়ে তাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন অপু বিশ্বাস। ফাউন্ডেশনের উদ্যোগে এবং অভিনেত্রী অপুর আর্থিক সহযোগিতায় গত ২৫ জুলাই ওমরাহ পালনের জন্য সৌদি আরবে রওয়ানা দেন রইস উদ্দিন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD