Logo

দুর্গাপূজায় এবারও বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৪
দুর্গাপূজায় এবারও বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত
ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা। এ জন্য বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।

বিজ্ঞাপন

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও ভারতের ব্যবসায়ী সংগঠনটি প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথক চিঠি পাঠিয়েছে।

পূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এবার কী পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এরই মধ্যে বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে আবেদন করেছে। এসব আবেদন যাচাই-বাছাইয়ের জন্য বুধবার (৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাণিজ্যসচিব আতাউর রহমান খান গণমাধ্যমকে বলেছেন, ভারতীয় ব্যবসায়ীদের চিঠি পাওয়া গেছে। তবে কত পরিমাণ ইলিশ রপ্তানি করা হবে, সেটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভারতীয় ব্যবসায়ীদের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালের পর থেকে প্রতি বছর গড়ে ৫ হাজার টন ইলিশ ভারতে রপ্তানি হতো। তবে ২০১২ সালের পর থেকে অজ্ঞাত কারণে সেই রপ্তানি বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সরকার দুর্গাপূজা উপলক্ষে নির্দিষ্ট এক মাসের জন্য বিশেষ ব্যবস্থায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে। ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে এবার সেই অনুমতি আরও আগেভাগে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, সাধারণত প্রতি বছর সেপ্টেম্বরের শেষ দিকে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। তবে সময় কম থাকায় এই স্বল্পমেয়াদি ও সীমিত অনুমতির কারণে প্রত্যাশিত বাণিজ্যিক সুফল পাওয়া যায় না বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বছরভিত্তিক ইলিশ রপ্তানির চিত্র

বিজ্ঞাপন

২০১৯ সালের সেপ্টেম্বরে দীর্ঘ বিরতির পর বাংলাদেশ থেকে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। ২০২০ সালে অনুমোদন দেওয়া হয় ১ হাজার ৮৫০ টন। তবে অনুমোদিত পুরো পরিমাণ ইলিশ রপ্তানি হয়নি। ২০২১ সালে ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও ভারতে পাঠানো হয় ১ হাজার ২০০ টন। ২০২২ সালে ২ হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমোদনের বিপরীতে বাস্তবে রপ্তানি হয় ১ হাজার ৩০০ টন। ২০২৩ সালে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও ভারতে যায় ১ হাজার ৩০০ টন। ২০২৫ সালে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও রপ্তানি হয়েছে মাত্র ৫৭৭ টন।

সর্বশেষ গত বছর ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। এর বিপরীতে ভারতে পাঠানো হয় মাত্র ১৫০ টন ইলিশ।

এবার দুর্গাপূজাকে সামনে রেখে ভারতের ব্যবসায়ীদের নতুন আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার কত পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেয়, এখন সেটিই দেখার বিষয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD