ভারত থেকে প্রথমবার বাংলাদেশে এলো ‘স্বাদ-গন্ধহীন’ ইলিশ

দুর্গাপূজাকে সামনে রেখে প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হলেও এবার ঘটেছে ব্যতিক্রম। প্রথমবারের মতো ভারতের গুজরাট থেকে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশে। এরই মধ্যে প্রায় ৫০০ মেট্রিক টন গুজরাটি ইলিশ দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ।
বিজ্ঞাপন
তিনি জানান, গত মাসে একটি প্রতিনিধি দল নিয়ে তারা বাংলাদেশ সফর করেন। ওই সময় বাণিজ্য সচিব আতাউর রহমান খান এবং ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তাদের বৈঠক হয়। তবে তখন গুজরাটের ইলিশ বাংলাদেশে পাঠানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি।
সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, চলতি বছর গুজরাটে ইলিশের উৎপাদন তুলনামূলক বেশি হয়েছে। এ কারণে দুর্গাপূজার আগে বাংলাদেশেও ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে প্রায় ৫০০ মেট্রিক টন মাছ বাংলাদেশে পাঠানো হয়েছে, যা প্রথমবারের ঘটনা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এ বছর পশ্চিমবঙ্গে ইলিশের উৎপাদন কম হয়েছে। অন্যদিকে গুজরাট থেকে বিপুল পরিমাণ ইলিশ আমদানি হওয়ায় সেখান থেকে বাংলাদেশেও মাছ পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে গুজরাটের ইলিশের সরবরাহ আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
এদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে গুজরাট, মুম্বাই ও মিয়ানমার থেকে আসা বিপুল পরিমাণ ইলিশের সরবরাহ দেখা গেছে। এসব মাছের কিছু অংশকে বাংলাদেশি ইলিশ হিসেবে বিক্রি করার অভিযোগও উঠেছে।
ক্রেতাদের অভিযোগ, বাজার থেকে এসব মাছ কিনে বাড়িতে রান্না করার পর অনেকেই প্রত্যাশিত স্বাদ ও গন্ধ পাচ্ছেন না। অসাধু ব্যবসায়ীরা ভারত ও মিয়ানমারের ইলিশকে বাংলাদেশি ইলিশের পরিচয়ে বিক্রি করছেন বলেও অভিযোগ রয়েছে।








