Logo

দুই দিন পর ৩০ ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৬, ১৫:১২
দুই দিন পর ৩০ ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর
ছবি: সংগৃহীত

টানা দুই দিন বন্ধ থাকার পর দেশের প্রায় ৩০টি ব্যাংকের কিউ-ক্যাশ নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত লেনদেন সেবা স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলো সেবা পুরোপুরি সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে কিউ-ক্যাশের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিউ-ক্যাশের আওতাভুক্ত সব সেবা বর্তমানে স্বাভাবিকভাবে চালু রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতো তাদের বিভিন্ন লেনদেন করতে পারবেন।

এর কিছুক্ষণ পর ব্যাংক এশিয়াও খুদে বার্তার মাধ্যমে গ্রাহকদের সেবা স্বাভাবিক হওয়ার তথ্য জানায়। ব্যাংকটি জানায়, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের স্বাভাবিকভাবে লেনদেন করার আহ্বান জানানো হয়।

এর আগে রবিবার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ শুরু হলে প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পিওএস মেশিন, কার্ডভিত্তিক লেনদেনসহ আন্তঃব্যাংকিংয়ের কিছু সেবা সাময়িকভাবে ব্যাহত হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের খুদে বার্তা দিয়ে জানানো হয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা পুনরায় চালু হতে পারে। এতে ভোগান্তিতে পড়েন এসব ব্যাংকের গ্রাহকরা।

পরিস্থিতি বিবেচনায় দ্রুত সেবা স্বাভাবিক করতে উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে কেন্দ্রীয় ব্যাংকে তলব করা হয়।

এরপর মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকদের ভোগান্তি তৈরি হয়েছে। গ্রাহকদের স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কার্ডভিত্তিক সেবা দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের আওতাধীন সেবাগুলো পুরোপুরি সচল করা হয়। ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকরা আবার স্বাভাবিক নিয়মে কার্ড ও অন্যান্য লেনদেন সেবা ব্যবহার করতে পারছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD