Logo

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬, ১১:৩৩
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে ঝড়ের আশঙ্কা এবং দেশটির অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাও তেলের বাজারে প্রভাব ফেলছে।

বিজ্ঞাপন

বুধবার (৭ অক্টোবর) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৯৩ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১.৫১ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দামও ৮২ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০.২৫ ডলারে বেচাকেনা হচ্ছে।

মেক্সিকো উপসাগরে সৃষ্ট একটি ক্রান্তীয় ঝড় দ্রুত শক্তিশালী হয়ে বছরের প্রথম আটলান্টিক হারিকেনে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস উৎপাদন এবং শোধনাগারের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকটের আশঙ্কা বাজারে দাম বাড়ার অন্যতম কারণ হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১৫ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ৫ শতাংশ মেক্সিকো উপসাগরীয় অঞ্চল থেকে আসে। ঝড়ের কারণে উপকূলীয় এলাকার ছয়টি শোধনাগারের কার্যক্রমও ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

বিজ্ঞাপন

দেশটির উপসাগরীয় উপকূলীয় অঙ্গরাজ্যগুলো যুক্তরাষ্ট্রের মোট পরিশোধন সক্ষমতার প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করে। দেশটির মোট পরিশোধন সক্ষমতা দৈনিক প্রায় ১ কোটি ৮২ লাখ ব্যারেল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়াও বাজারে মূল্যবৃদ্ধির চাপ তৈরি করেছে। ২ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ২০ লাখ ৯০ হাজার ব্যারেল কমেছে। একই সময়ে পেট্রোলের মজুতও হ্রাস পেয়েছে। তবে পরিশোধিত জ্বালানি বা ডিস্টিলেটের মজুত সামান্য বেড়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। মঙ্গলবার সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে প্রতিদিন ৫৮ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। গত সাত থেকে ১০ দিনে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ২০ লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি সরবরাহ করা হয়েছে।

তবে সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। সোমবার সন্ধ্যায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান ও নাজরান বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর অভিযান চলার মধ্যেই এসব হামলা হয়েছে। ওই অভিযানে রিয়াদ আকাশপথে সহায়তা দিচ্ছে।

যুক্তরাষ্ট্রে ঝড়ের কারণে সম্ভাব্য সরবরাহ বিঘ্ন এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা—দুই দিকের ঝুঁকির প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এখন ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD