ঈদ ঘনিয়ে এলেও এখনো বোনাস পাননি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে এলেও এখনো ঈদ বোনাস হাতে পাননি বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা। ঈদের আগে মাত্র পাঁচ দিন বাকি থাকলেও বোনাসের অর্থ না পাওয়ায় তারা উদ্বেগ ও অনিশ্চয়তায় রয়েছেন।
বিজ্ঞাপন
শিক্ষক-কর্মচারীদের আশঙ্কা, আগামীকাল সোমবার (১৬ মার্চ) সরকারি অফিসের শেষ কর্মদিবস হওয়ায় ব্যাংকগুলোতে অতিরিক্ত ভিড় হতে পারে। ফলে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে বোনাসের টাকা তুলতে পারবেন কি না তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
তবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকেই শিক্ষক-কর্মচারীরা ব্যাংক থেকে তাদের ঈদ বোনাসের অর্থ উত্তোলন করতে পারবেন। অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামীকাল থেকেই বোনাসের টাকা তোলা সম্ভব হবে।
বিজ্ঞাপন
এদিকে শেষ কর্মদিবসে বোনাস পাওয়ার বিষয়টি নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষও দেখা দিয়েছে। তাদের মতে, শেষ মুহূর্তে টাকা ছাড় হওয়ায় ব্যাংকে বাড়তি চাপ তৈরি হবে, যার কারণে অনেকেই সময়মতো বোনাস তুলতে সমস্যায় পড়তে পারেন।
মাদ্রাসার শিক্ষক মো. ইব্রাহিম বলেন, প্রতি বছরই মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা দেরিতে ছাড় করা হয়। সীমিত বেতন ও বোনাসের ওপর নির্ভর করেই পরিবারের সদস্যদের ঈদের কেনাকাটা করতে হয়। কিন্তু এবার বোনাস দেরিতে পাওয়ায় সেই প্রস্তুতিও নেওয়া সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এই পরিস্থিতি থেকে মুক্তি চান তারা। সরকারি চাকরিজীবীদের মতো মাসের শুরুতেই যেন বেতন ও উৎসব ভাতা দেওয়া হয়—এমন দাবিও জানিয়েছেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা।








