শিক্ষক বদলিতে স্বস্তি, সফটওয়্যার নিয়ে সন্তুষ্ট শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য তৈরি নতুন সফটওয়্যার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। সফটওয়্যারটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীর বদলির প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সফটওয়্যারের ডেমো প্রদর্শন উপলক্ষে আয়োজিত সভায় বিষয়টি ঘোষণা করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, পাশাপাশি মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা।
বিজ্ঞাপন
সভায় উপস্থিত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সফটওয়্যারটির ডেমো দেখার পর সবাই সন্তোষ প্রকাশ করেছেন। আসন্ন ঈদুল ফিতরের পর মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। এর পরে শিক্ষক ও কর্মচারীদের বদলির কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
ওই কর্মকর্তা আরও জানান, সভায় শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন, বদলির আওতায় শুধুমাত্র শিক্ষক নয়, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান শিক্ষক এবং এমপিওভুক্ত অন্যান্য কর্মচারীরাও অন্তর্ভুক্ত হবেন। এজন্য সফটওয়্যারের মডিউলে সংশ্লিষ্ট বিষয়গুলো যুক্ত করতে টেলিটককে নির্দেশনা দেওয়া হয়েছে। সফটওয়্যারের সংশোধন ও ক্ষেত্র অনুযায়ী তথ্য সংগ্রহের কাজ ঈদের পর সম্পন্ন হবে।
বিজ্ঞাপন
শিক্ষামন্ত্রী সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বদলির প্রক্রিয়াকে স্বচ্ছ, সময়োপযোগী ও সুষ্ঠু করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফটওয়্যার চালু হলে শিক্ষক-কর্মচারীদের বদলি সম্পর্কিত তথ্যাদি অনলাইন ভিত্তিকভাবে দ্রুত যাচাই ও হালনাগাদ করা সম্ভব হবে।








