Logo

শিক্ষকদের আবেদন ছাড়াও বদলি করতে পারবে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ, ২০২৬, ১৫:৩৪
শিক্ষকদের আবেদন ছাড়াও বদলি করতে পারবে সরকার
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত বিদ্যমান নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষকদের ব্যক্তিগত আবেদন ছাড়াও প্রয়োজন হলে সরকারিভাবে তাদের বদলি করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি শিক্ষকদের বদলি সংক্রান্ত সফটওয়্যার নিয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিদ্যমান এমপিও নীতিমালায় এতদিন শিক্ষকরা নিজেরা আবেদন করলে তবেই বদলির সুযোগ ছিল। তবে নতুন উদ্যোগে সেই সীমাবদ্ধতা তুলে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নতুন ব্যবস্থায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রয়োজন মনে করলে শিক্ষকদের আবেদন ছাড়াই বদলির ব্যবস্থা নিতে পারবে। নীতিমালায় এ বিষয়টি যুক্ত হলে প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবেও বদলি করা সম্ভব হবে। শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বদলি নীতিমালায় সংশোধন আনা হবে।

বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রম পরিচালনার জন্য তৈরি করা সফটওয়্যারটির ডেমো উপস্থাপন করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, আসন্ন ঈদুল ফিতরের পর মাঠপর্যায় থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শুরু করা হবে। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে পর্যায়ক্রমে শিক্ষক-কর্মচারীদের বদলির কার্যক্রম শুরু করা হবে।

বিজ্ঞাপন

এছাড়া বৈঠকে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান শিক্ষক এবং এমপিওভুক্ত কর্মচারীদেরও বদলি ব্যবস্থার আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য বদলি সফটওয়্যারের মডিউলে প্রয়োজনীয় সংশোধন আনতে সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের পর এ বিষয়ে প্রয়োজনীয় কারিগরি সমন্বয় সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, নতুন সফটওয়্যার ও সংশোধিত নীতিমালার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল ব্যবস্থাপনা আরও কার্যকর ও স্বচ্ছ হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD