Logo

স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল, শুরু হচ্ছে পরীক্ষা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ, ২০২৬, ১৬:৪১
স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল, শুরু হচ্ছে পরীক্ষা
ছবি: সংগৃহীত

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) এই তথ্য নিজেই নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বিজ্ঞাপন

বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তি কার্যক্রমে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, সামনের বছর থেকে ভর্তিতে লটারি তুলে দেওয়া হলো। খুবই সাধারণ উপায়ে পরীক্ষা হবে। কোনো প্রতিযোগিতা আনব না। লটারি কোনো শিক্ষাব্যবস্থায় থাকতে পারে না। বহুদিন ধরে গবেষণা করে এ সিদ্ধান্ত। অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে, সামনেও আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, আমি একদিন আগে সংসদে বলেছি অংশীজনদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে কীভাবে ভর্তি পদ্ধতি নির্ধারণ করা হবে। সেটা বহাল রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত সেভাবেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে লটারি অনেকটা জুয়া খেলা, ভর্তিতে লটারি কোনো ব্যবস্থা হতে পারে না। ভর্তি পরীক্ষা নিয়ে কেউ কোচিং বাণিজ্য করতে চাইলে সরকার বসে থাকবে না। সরকার ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করবে।

বিজ্ঞাপন

এর আগে, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়ে ছিলেন, সরকার চাইছে ভর্তিতে পুনরায় পরীক্ষার পদ্ধতিতে ফিরে যাওয়া হোক। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনার ‘নির্বাচনী ইশতিহারের আলোকে আগামী দিনের শিক্ষাখাত’-এ তিনি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

গতকাল রবিবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বেও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জানতে চেয়েছিলেন, বিদ্যমান লটারি পদ্ধতি কি শিক্ষার্থীদের মেধাকে অবমূল্যায়ন করছে কি না। শিক্ষামন্ত্রী জানান, লটারি পদ্ধতির কার্যকারিতা সরকার গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনা করছে এবং প্রয়োজনে এটি বাতিল করার বিষয় সক্রিয়ভাবে যাচাই করা হচ্ছে।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী আরও জানান, লটারি বাতিলের পর ভর্তির ক্ষেত্রে পুনরায় মেধা যাচাই বা ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ২০২৭ সালে। তিনি বলেন, গ্রামীণ ও শহর অঞ্চলের বাস্তবতা ভিন্ন। বড় শহরগুলোতে ভর্তির তীব্র প্রতিযোগিতার কারণে পূর্বের সরকার লটারি পদ্ধতি চালু করলেও বর্তমান সরকার এর যৌক্তিকতা নিয়ে সন্দিহান।

অভিভাবক ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়ার জন্য সরকার সেমিনার ও আলোচনা আয়োজন করবে। এ ধরনের সংলাপের ভিত্তিতে ২০২৭ সালের জানুয়ারির ভর্তি প্রক্রিয়া চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন শিক্ষা ব্যবস্থাকে সমন্বিত করার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে। ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে সরকারি কাঠামোর আওতায় আনা এবং দেশের শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে। পাশাপাশি ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থা এবং কওমি মাদ্রাসার শিক্ষাকে মূলধারার সঙ্গে সংযুক্ত করার বিষয়েও সরকার কাজ করছে।

সরকার আশা করছে, এই পরিবর্তনের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় মেধা ভিত্তিক প্রবেশাধিকার বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD