ইউজিসি চেয়ারম্যানসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে একসঙ্গে সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অন্যদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানকে চূড়ান্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভিসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক ড. মো. মাসউদ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফোরকানকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক রইস উদ্দিন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ, যিনি নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক দক্ষতা বাড়ানো এবং শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নত করতেই এই পরিবর্তন আনা হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তিনি জানান।








