ঢাবির নতুন ভিসি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি এর আগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞাপন
সোমবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। এ সময় তিনি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে মোট ৭টি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক রইস উদ্দিনকে।
বিজ্ঞাপন
এদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নুরুল ইসলাম।
অন্যদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য হিসেবে অধ্যাপক মোহাম্মদ মাসুদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. আল ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ফরিদুল ইসলামকে।
বিজ্ঞাপন
শিক্ষামন্ত্রী বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও গতিশীল করতে এই প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিবর্তন আসছে, যা উচ্চশিক্ষা খাতের উন্নয়ন ও পরিচালনায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








