ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য ড. মামুন আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ নিয়োগের ঘোষণা দেন।
এর আগে সকালেই ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি চেয়ারম্যান পদে যোগদান করেন। তবে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন তিনি এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
বিজ্ঞাপন
নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষা ও প্রশাসন ক্ষেত্রে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে আশা করা হচ্ছে, ইউজিসির কার্যক্রম আরও স্বচ্ছ, দক্ষ এবং কার্যকর হবে।
দেশের উচ্চশিক্ষা খাতে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ইউজিসির চেয়ারম্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড. মামুন আহমেদের নতুন দায়িত্ব গ্রহণ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান, প্রশাসনিক কার্যক্রম এবং গবেষণা পরিবেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।








