Logo

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ, ২০২৬, ১৭:৫৯
শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ
ছবি: সংগৃহীত

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি বা গভর্নিং বডির চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা হিসেবে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি নির্ধারণ করেছে সরকার। এই সিদ্ধান্ত স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

তিনি বলেন, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাচ্ছি। গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার জন্য বেসলাইন হিসেবে স্নাতক ডিগ্রি নেওয়া হবে। তবে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকছি না; যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেও বিবেচনা করা হবে। আমরা চাই যোগ্য ও দক্ষ মানুষদেরই শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চতর কাঠামোয় নেওয়া হোক।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, এর আগে বিগত সরকারের সময় সিনিয়র শিক্ষক বা হেডমাস্টার হতে হবে এমন বিধান থাকায় অনেক ক্ষেত্রে সুযোগ সীমিত ছিল। সাংবাদিকদেরও মনে আছে, তখন নেপোটিজম বা ফেভারিটিজমের অভিযোগ উঠত। আমাদের লক্ষ্য সেই ধারা ভেঙে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পদ গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে একটি ন্যায্য ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে।

এই নতুন নীতি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং সম্ভাব্য রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব কমাবে বলে আশা করা হচ্ছে। যোগ্য ও শিক্ষিত নেতৃত্বের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও কার্যকরভাবে পরিচালিত হতে পারবে এবং শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD