২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ৫ ও ৬ এপ্রিল কেন্দ্রসচিবদের হাতে পরীক্ষার্থীদের প্রবেশপত্র হস্তান্তর করা হবে। বোর্ডের অধীনে থাকা সব পরীক্ষাকেন্দ্রের সচিবদের এই সময়সূচি মেনে প্রবেশপত্র সংগ্রহের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
কেন্দ্রসচিবরা সংগ্রহকৃত প্রবেশপত্র ৭ এপ্রিল থেকে নিজ নিজ কেন্দ্রের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতরণ করবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা গেছে, ৫ এপ্রিল ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলার কেন্দ্রসচিবদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হবে। পরের দিন অর্থাৎ ৬ এপ্রিল নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার সচিবরা নির্ধারিত প্রবেশপত্র সংগ্রহ করবেন।
বিজ্ঞাপন
বোর্ড জানিয়ে দিয়েছে, প্রবেশপত্র শুধুমাত্র কেন্দ্রসচিব বা তার অনুমোদিত শিক্ষককে দেওয়া হবে; অন্য কোনো ব্যক্তি বা প্রতিনিধিকে প্রদান করা হবে না।
প্রবেশপত্র হাতে পাওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি প্রবেশপত্র যাচাই করার। পরীক্ষার্থীর নাম, বাবা-মায়ের নাম, রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরে কোনো ত্রুটি থাকলে তা দ্রুত সংশোধন করতে হবে। সংশোধনের আবেদন আগামী ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দিতে হবে।
বিজ্ঞাপন
বোর্ড সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না হলে পরীক্ষার হলে পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন এবং এর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান দায়ী হবেন। আবেদনপত্রে ভুল ও সঠিক তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যাতে সংশোধনী প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।








