শিখন ঘাটতি পূরণে টানা ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পুনরায় খোলার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি কাটাতে টানা ১০ শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করা এবং নির্ধারিত পাঠপরিকল্পনা সময়মতো শেষ করা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
উপ-পরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা) মো. জয়নাল আবেদীনের সই করা আদেশে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হয়েছে। তাই ছুটির পরবর্তী ১০টি শনিবার নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখতে হবে। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞাপন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, শিক্ষার্থীদের বার্ষিক পাঠপরিকল্পনা অনুযায়ী সিলেবাস সম্পন্ন করা জরুরি। দীর্ঘ ছুটির কারণে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ করতে আমরা পরবর্তী ১০টি শনিবার শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি।
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো গত ৮ মার্চ থেকে রমজান ও ঈদুল ফিতরের ছুটিতে বন্ধ ছিল। নতুন নির্দেশনার প্রেক্ষিতে ২৯ মার্চ থেকে বিদ্যালয়গুলোতে পুনরায় পূর্ণ শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে এবং সেই সঙ্গে টানা ১০ সপ্তাহের জন্য শনিবারের সাপ্তাহিক ছুটি স্থগিত থাকবে।
বিজ্ঞাপন
শিক্ষাব্যবস্থা সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে সহায়ক হবে এবং নির্ধারিত সিলেবাস সময়মতো শেষ করা সম্ভব হবে।








