Logo

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়মে কঠোর শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল, ২০২৬, ১৪:২৫
এসএসসির খাতা মূল্যায়নে অনিয়মে কঠোর শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে সারাদেশে নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে খাতা মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

সভায় তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নেও নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোনো পরীক্ষক যদি মূল্যায়নে অনিয়ম বা অবহেলার আশ্রয় নেন, তবে তা কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের ঘটনার ক্ষেত্রে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী আরও বলেন, শুধু পরীক্ষার হলে নকল প্রতিরোধ করলেই হবে না, মূল্যায়ন প্রক্রিয়াও হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ। নির্ধারিত নিয়ম ভঙ্গ করে খাতা মূল্যায়ন করলে তা শিক্ষাব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই নিশ্চিত করতে পরীক্ষকদের দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে।

তিনি সতর্ক করে বলেন, মূল্যায়নের ক্ষেত্রে গাফিলতি, পক্ষপাতিত্ব বা অসততা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রতিটি খাতা যথাযথভাবে যাচাই করে সঠিক নম্বর প্রদান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন নিজেদের যোগ্যতার ভিত্তিতে ফল অর্জন করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পরীক্ষাকেন্দ্র পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক ব্যবস্থাপনায় কঠোরতা আরোপের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এসময় তিনি উল্লেখ করেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই অগ্রযাত্রায় শিক্ষক, শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD