২০২৬-২৭ অর্থবছরে শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিল এনটিআরসিএ

দেশজুড়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট মোকাবিলায় বড় পরিসরে নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে প্রবেশ পর্যায়ে প্রায় ৭০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় তথ্য দিয়েছে। প্রতি অর্থবছরের বাজেট প্রণয়নের আগে সম্ভাব্য এমপিওভুক্ত নতুন শিক্ষক-কর্মচারীদের জন্য আর্থিক বরাদ্দ নির্ধারণের অংশ হিসেবেই এই সংখ্যা নির্ধারণ করা হয়।
সোমবার (৬ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে, এক বছরে কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে—সে বিষয়ে এনটিআরসিএর কাছে তথ্য চেয়ে থাকে মাউশি। সেই অনুযায়ী সম্ভাব্য নিয়োগসংখ্যা নির্ধারণ করে বাজেট প্রস্তাব তৈরি করা হয় এবং তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।
বিজ্ঞাপন
এনটিআরসিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সবকিছু বিবেচনায় নিয়ে প্রায় ৭০ হাজার শিক্ষক নিয়োগের সম্ভাব্য সংখ্যা জানানো হয়েছে। তবে চূড়ান্ত পরিস্থিতির ওপর নির্ভর করে এই সংখ্যা কিছুটা কমতেও পারে।
সূত্র আরও জানায়, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সম্ভাব্য এই নিয়োগ কার্যক্রম এবং এর জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হয়। সেখানে নতুন শিক্ষক নিয়োগের জন্য অর্থ বরাদ্দ রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তবে একই বৈঠকে শিক্ষক-কর্মচারীদের জন্য প্রস্তাবিত ১০ শতাংশ উৎসব ভাতা অনুমোদন পায়নি বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পনা অনুযায়ী নিয়োগ সম্পন্ন হলে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিনের শিক্ষক সংকট অনেকটাই কাটবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।








