অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

অটোপাসের দাবিতে আন্দোলনরত ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর পুনরায় হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার সময় মূল ফটকের কাছে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
বিজ্ঞাপন
জানা যায়, ঘটনার সময় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ তার সরকারি গাড়ির ভেতরে অবস্থান করছিলেন। এ সময় আন্দোলনরত কিছু শিক্ষার্থী তার গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এর আগে গত বছরের ২১ মে একই দাবিতে আন্দোলনরত ২০২২ সালের স্নাতক (পাস) পরীক্ষার্থীরাও ক্যাম্পাসে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটিয়েছিল।
বিজ্ঞাপন
ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের অযৌক্তিক দাবি ও চাপের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতি স্বীকার করতে পারে না।
তিনি স্পষ্টভাবে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কোনোভাবেই অটোপাসের মতো সিদ্ধান্তকে সমর্থন করে না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার মান বজায় রাখতে ভবিষ্যতে অটোপাস ও গ্রেস মার্কস দেওয়ার প্রবণতা নিরুৎসাহিত করা হবে। এ বিষয়ে প্রশাসন আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।
উপাচার্যের মতে, একবার অটোপাসের মতো সিদ্ধান্ত কার্যকর হলে তা দেশের সামগ্রিক শিক্ষা কাঠামোর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।








