Logo

অনলাইন ক্লাস নিয়ে নতুন তথ্য জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল, ২০২৬, ১৮:৫৫
অনলাইন ক্লাস নিয়ে নতুন তথ্য জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ | ফাইল ছবি

দেশে হামের প্রাদুর্ভাব ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে প্রাথমিক স্তরে অনলাইন ক্লাস চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও, এ বিষয়ে পরিষ্কার অবস্থান জানিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে অনলাইনভিত্তিক শিক্ষা নয়, বরং সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখতেই অগ্রাধিকার দিচ্ছে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় তিনি বিদ্যালয়গুলোর অবকাঠামো এবং চলমান শিক্ষা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস তেমন কার্যকর নয়। ছোট শিশুদের শেখার ক্ষেত্রে সরাসরি উপস্থিতি, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক যোগাযোগ এবং শ্রেণিকক্ষের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে অনলাইন শিক্ষার পরিবর্তে সশরীরে পাঠদান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। যদি পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, তাহলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন ববি হাজ্জাজ। তিনি জানান, আগামী জুন-জুলাইয়ের মধ্যে শিক্ষা খাতে বেশ কিছু নতুন ও সময়োপযোগী উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD