২০২৫ সালের আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি ঘোষণা

২০২৫ সালের আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৯ এপ্রিল থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের জেলাগুলোতে সনদ বিতরণ কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞাপন
বোর্ডের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ সনদ সংগ্রহ করতে পারবে বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় থেকে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলের মাদরাসাগুলোকে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে সনদ গ্রহণ করতে হবে।
সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা অঞ্চলের অধীনে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ জেলার সনদ ৯ এপ্রিল বিতরণ করা হবে।
বিজ্ঞাপন
এ ছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর ও গাজীপুর জেলার জন্য ১২ এপ্রিল এবং রাজবাড়ী ও মাদারীপুর জেলার জন্য ১৩ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে।
একইভাবে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলের জেলাগুলোর জন্য পৃথক পৃথক তারিখ ঘোষণা করা হয়েছে। অধিকাংশ অঞ্চলের প্রধান জেলাগুলোর সনদ ৯ এপ্রিল থেকে দেওয়া শুরু হবে এবং ১৩ এপ্রিলের মধ্যে সব জেলার বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।
সনদ সংগ্রহের জন্য মাদরাসা প্রধানদের কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে।
বিজ্ঞাপন
এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট মাদরাসার নিজস্ব প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে এবং এতে মাদরাসা প্রধানের সিল থাকতে হবে। আবেদনের ওপর মাদরাসার অ্যাডহক কমিটি বা গভর্নিং বডির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক।
এছাড়া, যদি মাদরাসা প্রধান নিজে উপস্থিত হতে না পারেন, তাহলে মনোনীত প্রতিনিধির মাধ্যমে সনদ সংগ্রহ করা যাবে। সে ক্ষেত্রে প্রতিনিধির জন্য বিশেষ প্রাধিকারপত্র জমা দিতে হবে এবং তাতে তার তিনটি নমুনা স্বাক্ষর প্রতিষ্ঠান প্রধান দ্বারা সত্যায়িত থাকতে হবে। সনদ সংগ্রহের পর দ্রুত সময়ের মধ্যে তা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে মাদরাসা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বোর্ড।
বিজ্ঞাপন








